প্রধান খবর

আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করেছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পাশাপাশি রোববার থেকে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই বিশেষ নিরাপত্তা মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সেনাবাহিনী আগেই মাঠে রয়েছে, রোববার থেকে তাদের উপস্থিতি আরও জোরদার হবে। ভোটের আগে ও পরে মোট সাত দিন তারা দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধারাবাহিক বৈঠকের কথা উল্লেখ করে তিনি জানান, সার্বিক পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল।

তিনি আরও বলেন, দেশের অধিকাংশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিছু বিচ্ছিন্ন স্থানে সাময়িক উত্তেজনা থাকলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশনার। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কমিশন।

এদিকে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে জানিয়ে তিনি বলেন, ব্যালট বাক্সগুলো ইতোমধ্যে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। সার্বিকভাবে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *