ডেটিং সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনছে নতুন প্রজন্ম। প্রচলিত কফিশপ বা পার্কের বদলে এখন অনেক জেন-জি তরুণ-তরুণী কবরস্থানকে ডেটিংয়ের জন্য বেছে নিচ্ছে। অদ্ভুত মনে হলেও এর পেছনে রয়েছে মানসিক ও সামাজিক কিছু বাস্তব কারণ।
সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, জনাকীর্ণ রেস্তোরাঁ বা ক্যাফেতে ব্যক্তিগত সময় কাটানো এখন কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত ভিড়, শব্দ এবং অন্যের নজর অনেক সময় স্বাভাবিক কথোপকথনে বাধা সৃষ্টি করে। অন্যদিকে কবরস্থানের নিরিবিলি ও শান্ত পরিবেশ যুগলদের গভীর ও খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, ইতিহাস, নীরবতা এবং মৃত্যুচিন্তার উপস্থিতি মানুষকে জীবনের গভীর বিষয় নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। ফলে সাধারণ আলাপচারিতার বাইরে গিয়ে সম্পর্ক আরও অর্থবহ হয়ে উঠতে পারে। এই পরিবেশে কৃত্রিমতা কমে গিয়ে স্বাভাবিক সংযোগ তৈরি হয়।
এছাড়া বর্তমান সময়ে ব্যক্তিগত গোপনীয়তা অনেকটা বিলাসিতায় পরিণত হয়েছে। কবরস্থান সাধারণের জন্য উন্মুক্ত হলেও সেখানে মানুষের উপস্থিতি কম থাকায় এটি এক ধরনের ব্যক্তিগত পরিসর তৈরি করে, যেখানে যুগলরা নির্ভারভাবে সময় কাটাতে পারেন।
বিশ্লেষকরা বলছেন, এটি শুধু নতুন জায়গা বেছে নেওয়ার প্রবণতা নয়; বরং সম্পর্কের গভীরতা ও অনুভূতির নতুন সংজ্ঞা খোঁজার একটি প্রচেষ্টা। ব্যস্ততা ও কোলাহলের এই সময়ে নীরবতাকে বেছে নেওয়াই যেন হয়ে উঠছে নতুন রোমান্সের ভাষা।

