প্রধান খবর

হামের বিস্তার রোধে জরুরি টিকাদান জোরদার

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। তিনি বলেন, বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে ১৮টি জেলার ৩০টি উপজেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তি-এর এরশাদ মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে বড় সিটি কর্পোরেশনগুলোতে এই কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম চালু হবে।

প্রতিমন্ত্রী শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনা জরুরি। তিনি ব্যাখ্যা করেন, ‘হার্ড ইমিউনিটি’ বা গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অধিকাংশ শিশুর টিকাদান নিশ্চিত করা অপরিহার্য, যা হামের বিস্তার কার্যকরভাবে রোধ করতে সক্ষম।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন নগরবাসীর জন্য একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, মহাখালী এলাকায় বিদ্যমান একটি স্থাপনাকে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *