সিডনিতে বর্ণিল উৎসবে বরণ হলো বাংলা নববর্ষ

সুদূর প্রবাসে কর্মব্যস্ত জীবনের মাঝেও বাঙালি হৃদয়ে বেজে উঠেছে নতুনের কেতন। সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩। রবিবার (১২ এপ্রিল) স্থানীয় প্রবাসী ও সুহৃদদের নিয়ে এক প্রাণবন্ত ‘বর্ষবরণ ও বৈশাখী আড্ডা’র আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই উৎসবের উদ্যোগ নেন বিশিষ্ট প্রবাসী রফিক শাহীন। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে দেশীয় আবহে মেতে উঠতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানস্থলের সাজসজ্জায় ছিল চিরচেনা গ্রামীণ বাংলার প্রতিচ্ছবি। বিশেষ আকর্ষণ হিসেবে তৈরি করা হয়েছিল প্রতিকৃতি কুঁড়ে ঘর ও ঐতিহ্যবাহী রিক্সা, যা আগত অতিথিদের মনে নস্টালজিয়া তৈরি করে। বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে পান্তা-ইলিশের ঐতিহ্যবাহী থালিতে অতিথিদের আপ্যায়ন করা হয় । এছাড়া বিভিন্ন প্রকারের দেশীয় ভর্তা, সবজি, মিষ্টান্ন ও পিঠা-পুলির আয়োজন উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়।

বিকেলের সাংস্কৃতিক পর্বে সিডনির জনপ্রিয় ‘স্বপ্ন ব্যান্ড’-এর শিল্পী মিঠু ও ইভানাসহ অন্যান্য শিল্পীদের দেশাত্মবোধক ও লোকসংগীতের সুর লহরীতে মেতে ওঠে পুরো মিলনমেলা।

আয়োজক রফিক শাহীন তার প্রতিক্রিয়ায় বলেন, “প্রবাসে থাকলেও আমরা আমাদের শিকড়কে ভুলে যেতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে সজীব রাখা এবং নতুন প্রজন্মের কাছে তা সঠিকভাবে তুলে ধরা।”

অংশগ্রহণকারীরা মনে করছেন, প্রবাসে এমন আয়োজন কেবল নিছক বিনোদনের মাধ্যম নয়, বরং এটি বিদেশের মাটিতে নিজেদের পরিচয় ধরে রাখা এবং সাম্প্রদায়িক বন্ধনকে সুদৃঢ় করার একটি শক্তিশালী মাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *