ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নিউমার্কেটের সাইন্স ল্যাব এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্যে ইট-পাটকেল ছোড়ে এবং পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জানা গেছে, গত দুই দিনে ঢাকা কলেজের সাত শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী চাইনিজ কুড়াল ব্যবহার করে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে।
সংঘর্ষের কারণে নিউমার্কেট থেকে মিরপুর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। সাইন্স ল্যাব এলাকায় পরিস্থিতি এখনও উত্তপ্ত, এবং পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের মধ্যে সহিংসতার পূর্ব ইতিহাস রয়েছে; গত বছরের নভেম্বর মাসে দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ বন্ধে একটি মৌখিক শান্তিচুক্তি হয়েছিল, যা এক মাসের মধ্যেই ভঙ্গ হয়ে পুনরায় সহিংসতা শুরু হয়।
সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা পুলিশের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

