রাজধানীর এই কোরবানির হাটটি সাধারণ হাটের মতো নয় চারপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, নেই গাড়ির কোলাহল, নেই শহরের স্বাভাবিক ভিড়। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি রাজধানীর একটি কোরবানির হাট। শনিবার হাট ঘুরে দেখা যায়, এখনও পুরোপুরি জমে ওঠেনি। অনেক ব্যাপারি জায়গা দখল করলেও তাদের গরু এখনো পৌঁছায়নি। তবে যে গরুগুলো এসেছে, তার কোনোটি লাখ টাকার নিচে নয়।
হাটে দুই থেকে আড়াই মণ ওজনের গরুর দাম রাখা হয়েছে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা। আড়াই থেকে চার মণ ওজনের গরুর দাম দেড় লাখ থেকে ২ লাখ টাকা। ৪ থেকে ৬ মণ ওজনের গরুর দাম ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার টাকা। আর ৬ মণের বেশি ওজনের গরুর জন্য ব্যাপারীরা চাইছেন ৩ লাখ টাকার ওপরে।
ব্যাপারিদের দাবি, গত বছর যে গরু ১ লাখ টাকায় কিনতে পেরেছিলেন, এবার সেই গরু কিনতে ২০ থেকে ২৫ হাজার টাকা বেশি খরচ হয়েছে। ২ লাখ টাকার গরুর ক্ষেত্রেও ৩০ থেকে ৪০ হাজার টাকা বেশি দিতে হয়েছে। তারা এর কারণ হিসেবে উল্লেখ করছেন গোখাদ্যের দাম বৃদ্ধি, ভারত থেকে গরু না আসা এবং খামারিদের উৎপাদন কমে যাওয়া।
হাট কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে ১০ হাজার গরু কেনাবেচার ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ গরু এসে গেছে, বাকিগুলো রাতের মধ্যেই পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আশপাশে আর কোনো হাট না থাকায় তারা মনে করছেন, প্রত্যাশা অনুযায়ী বিক্রি হবে।
সব তথ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা হয়েছে।

