ফিফা বিশ্বকাপের আর মাত্র ৩৪ দিন। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ৪৮ দলের ফুটবল মহাযুদ্ধ। প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ফিফা এখন ক্ষণগণনা করছে আর সেই আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে আসছে ক্রিশ্চিয়ানো রোনালদো-র নাম।
৪১ বছর বয়সেও রোনালদোর ফিটনেস, গতি ও গোল করার ক্ষুধা বিশ্ব ফুটবলে অনন্য। তার কঠোর লাইফস্টাইল ও শৃঙ্খলা তাকে এখনো শীর্ষ পর্যায়ে ধরে রেখেছে। বয়সকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এখনও গোল করে চলেছেন, যেন থামার কোনো ইচ্ছাই নেই।
২০১৮ রাশিয়া বিশ্বকাপেই দেখা গিয়েছিল তার বিস্ফোরক গতি। তখন বয়স ছিল ৩৩ তবু তিনি যৌথভাবে টুর্নামেন্টের দ্রুততম দৌড়ের রেকর্ড গড়েছিলেন: ঘণ্টায় ২৪ কিলোমিটার। তার সঙ্গে ছিলেন ক্রোয়েশিয়ার তরুণ তারকা আন্তে রেবিচ।
সেই বিশ্বকাপেই রোনালদো গড়েছিলেন আরেকটি রেকর্ড সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক। স্পেনের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি–কিকে গোল করে তিনি সম্পন্ন করেন সেই হ্যাটট্রিক। এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্কের, যিনি ১৯৭৮ বিশ্বকাপে ৩০ বছর বয়সে ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।
বিশ্বকাপের ক্ষণগণনা যত এগোচ্ছে, ততই বাড়ছে রোনালদোকে ঘিরে উত্তেজনা-৪১-এও কি তিনি আবার বিশ্বমঞ্চে আলো ছড়াবেন?

