প্রধান খবর

‘সালমানের সঙ্গেই যদি এমন হয়, তবে ছোট ব্যবসায়ীদের কী অবস্থা?’: তাসনিম জারা

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক তাসনিম জারা। সালমান মুক্তাদিরের মতো দেশের একজন প্রভাবশালী ব্যক্তিত্বের স্টুডিওতে সরাসরি ঢুকে এমন তাণ্ডব চালানোকে অপরাধীদের চরম ঔদ্ধত্য বলে অভিহিত করেছেন তিনি। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় এই প্রতিক্রিয়া জানান তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তাসনিম জারা লেখেন, “কী বলব, বুঝতে পারছি না। সালমান মুক্তাদিরের মতো এত বড় পরিসরে কথা বলার সুযোগ বা প্রভাবশালী প্ল্যাটফর্ম এ দেশে খুব কম মানুষেরই আছে। যারা এই হামলা চালিয়েছে, তারা খুব ভালো করেই জানত যে পুরো দেশ বিষয়টি দেখবে এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়েও বিষয়টি পৌঁছাবে।” অপরাধীদের মানসিকতার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, “তারপরও তারা স্টুডিও ভেঙে তছনছ করে সেই ধ্বংসস্তূপ সবার দেখার জন্য রেখে গেছে। এটি এক ভিন্ন মাত্রার ঔদ্ধত্য। মানুষ তখনই এমন দুঃসাহস পায়, যখন তারা মনে করে আইনশৃঙ্খলা বাহিনী বা বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে না। সালমানের সঙ্গেই যদি এমন ঘটে, তবে সাধারণ দোকানদার বা ছোট ব্যবসায়ীদের নিরাপত্তার কী অবস্থা-তা ভাবলেই শিউরে উঠতে হয়।”

এর আগে রাজধানীর ইসিবি চত্বরে নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিওতে একদল সশস্ত্র দুর্বৃত্ত প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার পর সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে লাইভে এসে ক্ষতবিক্ষত স্টুডিওর চিত্র তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্যমতে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোতেই রাজনৈতিক পরিচয়ের নাম ভাঙিয়ে একদল অপরাধী এই হামলা, ছিনতাই ও তছনছ চালিয়েছে। তাসনিম জারার এই প্রতিক্রিয়াটি বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *