প্রধান খবর

১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

 দেশের ভঙ্গুর অর্থনীতিকে লাগামহীন মূল্যস্ফীতি থেকে রক্ষা করা এবং অবৈধ কালো টাকা ও দুর্নীতির বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। একই সাথে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার যথাযথ ব্যাকআপ ছাড়া ইচ্ছেমতো নতুন টাকা ছাপানো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই আইনি নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব (অর্থ বিভাগ) এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশে বিবাদী করা হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের শক্ত রিজার্ভ বা ব্যাকআপ ছাড়াই অর্থনীতিতে কৃত্রিম টাকা ছাপিয়ে ছেড়ে দিচ্ছে। অথচ আন্তর্জাতিক মুদ্রানীতির সর্বজনীন নিয়ম অনুযায়ী, নতুন মুদ্রা বাজারে ছাড়ার পূর্বে সমপরিমাণ স্বর্ণ, রৌপ্য অথবা নির্ভরযোগ্য বৈদেশিক মুদ্রার (ডলার, ইউরো, আরএমবি ইত্যাদি) সঞ্চয় বজায় রাখা বাধ্যতামূলক। রিজার্ভ ছাড়া ইচ্ছেমতো টাকা ছাপানোর ফলে ‘কোয়ান্টিটি থিওরি অব মানি’ অনুযায়ী টাকার ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সীমাহীন বেড়ে গিয়ে দেশে ভয়াবহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে।

নোটিশে আরও বলা হয়, এই পরিস্থিতি সাধারণ ও নিম্নবিত্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রার সামর্থ্য পুরোপুরি নষ্ট করে দিচ্ছে, যা সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত মর্যাদাপূর্ণ ‘জীবনধারণের মৌলিক অধিকার’-এর সরাসরি লঙ্ঘন।

এ ছাড়া ১০০০ টাকার উচ্চ মূল্যমানের নোটের ক্ষতিকর দিক তুলে ধরে বলা হয়, সাধারণ দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন কেনাবেচায় এত বড় নোটের বাস্তব কোনো প্রয়োজন নেই। বরং দুর্নীতিবাজ সিন্ডিকেট, কর ফাঁকিবাজ ও অপরাধীরা অবৈধ টাকা ব্যাংকের বাইরে জমিয়ে রাখতে এটি ব্যবহার করছে, যা দেশে ক্ষতিকর ‘ছায়া অর্থনীতি’ (শ্যাডো ইকোনমি) তৈরি করেছে। ভারত যেভাবে তাদের ২০০০ টাকার নোট তুলে নিয়ে সফল দৃষ্টান্ত স্থাপন করেছে, বাংলাদেশেও কালো টাকা সমূলে উপড়ে ফেলতে ১০০০ টাকার নোট বাতিল করা এখন সময়ের দাবি।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে ব্যাকআপ ছাড়া টাকা ছাপানো বন্ধ এবং ১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে পরবর্তীতে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *