প্রধান খবর

দিল্লিতে কোটাবিরোধী আন্দোলন : বহু বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে, জাতিভিত্তিক কোটা ব্যবস্থার বিরুদ্ধে আয়োজিত এক বিশাল বিক্ষোভ কর্মসূচি থেকে বহু আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকেই যন্তর মন্তর এলাকায় হাজার হাজার মানুষ সমবেত হতে শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্য দিয়ে ঘিরে ফেলা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা বিভিন্ন ব্যানার, পোস্টার ও গেরুয়া পতাকা হাতে নিয়ে যন্তর মন্তরে জড়ো হয়ে ‘জাতিভিত্তিক সংরক্ষণ’ ব্যবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং ঘটনাস্থল থেকে বিপুলসংখ্যক পুরুষ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রায় ৫৬ লাখ অনুসারী সমৃদ্ধ ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’ নামক একটি পেজের আহ্বানে সারা দেশ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তবে দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছিল, যন্তর মন্তরে সমাবেশ বা মিছিলে কোনো আইনি অনুমতি ছিল না। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ডিসিপির কার্যালয় থেকে রামলীলা ময়দানে বিকেল ৪টা পর্যন্ত ৫০০ মানুষের জন্য অনাপত্তিপত্র দেওয়া হলেও আন্দোলনকারীরা তা অমান্য করে যন্তর মন্তরে ভিড় জমান।

আন্দোলনকারীদের মূল দাবি-শিক্ষা, চাকরি ও সরকারি কোচিং সহায়তার ক্ষেত্রে কেবল ধর্মীয় বা জাতিগত পরিচয় না দেখে অর্থনৈতিক অবস্থাকে একমাত্র মানদণ্ড করা হোক। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার প্রতিনিধিরা জানান, সরকারের উচিত কেবল আর্থিক অসচ্ছলতার ভিত্তিতে সকল সম্প্রদায়ের দরিদ্র মানুষকে সহায়তা করা। অন্য আন্দোলনকারীরা বর্তমান সংরক্ষণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়নের জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *