ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগ: জেমস ও দলকে জরিমানা

ইতালির রোমে সংগীতা অনুষ্ঠন বা কনসার্টে অংশ নিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় রক তারকা নগর বাউল জেমস ও তাঁর সফরসঙ্গীরা। অবস্থান করা হোটেল কক্ষ মারাত্মক নোংরা ও অগোছালো রেখে যাওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই ‘চেক-আউট’ করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘরটির চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো অতিরিক্ত ফি দাবি করেছে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ।

জানা গেছে, গত রবিবার (১৬ আগস্ট) রোমে অনুষ্ঠিত কনসার্টে অংশ নিতে গিয়ে জেমস ও তাঁর দল স্থানীয় ‘বেস্ট ওয়েস্টার্ন হোটেল’-এর একটি সুসজ্জিত অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন। পরবর্তীতে অতিথিরা কক্ষ ছেড়ে চলে যাওয়ার পর সেটির অবস্থা দেখে চরম ক্ষোভ প্রকাশ করে হোটেল কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপ কথোপকথনের চিত্র থেকে জানা যায়, হোটেল কর্তৃপক্ষ ওই কনসার্টের স্থানীয় আয়োজক প্রতিনিধি হোসাইন আহমেদ মোয়াজের কাছে ইতালীয় ভাষায় ক্ষোভ প্রকাশ করে কয়েকটি ছবি পাঠায়। সেখানে দেখা যায়—মেঝেতে প্লাস্টিকের খালি বোতল ও বর্জ্য, টেবিলে খাবারের উচ্ছিষ্ট ও নোংরা থালা-বাসন এবং রান্নাঘরের সিঙ্কে আবর্জনার সাথে কাঁচা ডিম ভেঙে পড়ে রয়েছে। এই চরম অপরিচ্ছন্নতার কারণে ভবিষ্যতের পরিষেবা সচল রাখতে ন্যূনতম ২০০ ইউরো পরিচ্ছন্নতা ফি পরিশোধের শর্ত দেয় তারা।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় আয়োজক প্রতিনিধি হোসাইন আহমেদ মোয়াজ জানান, হোটেল ত্যাগের আগে জেমস কিংবা তাঁর দলীয় ব্যবস্থাপক কাউকেই কিছু অবহিত করেননি। হোটেল কর্তৃপক্ষ তাঁকে ডেকে পাঠালে তিনি গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখতে পান। পাশাপাশি রোমের ওই আয়োজনকে ঘিরে জেমসের ব্যান্ড ব্যবস্থাপকের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চরম সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে দাবি করা অতিরিক্ত পরিচ্ছন্নতা ফি শেষ পর্যন্ত পরিশোধ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে নগর বাউল জেমস বা তাঁর দলীয় প্রতিনিধিদের কোনো বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *