প্রধান খবর

২৫ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় আরও চার সাক্ষীর জবানবন্দি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ গ্রহণ ও অর্থ পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুখমিলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৪ এপ্রিল শুরু হওয়া সাক্ষ্যগ্রহণে এখন পর্যন্ত মোট ৩৫ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, ভুয়া প্রতিষ্ঠান ‘ভিশন ট্রেডিং’-এর নামে জাল নথিপত্র ব্যবহার করে ইউসিবিএলের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকার ঋণ নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের নেতিবাচক মতামত উপেক্ষা করে ওই ঋণ অনুমোদন দেওয়া হয়েছিল।

তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, ঋণের একটি বড় অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পুরোনো দেনা পরিশোধে ব্যবহার করা হয় এবং অবশিষ্ট অর্থ হুন্ডি ও হাওলা চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া তদন্ত চলাকালে উদ্ধার হওয়া বিভিন্ন নথিতে বিদেশে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলেও দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *