প্রধান খবর

দিল্লিতে বিক্ষোভকারীদের পানি দেওয়া জুনায়েদের বাড়িতে পুলিশের অভিযান

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পরীক্ষার্থীদের পানি ও খাবার দিয়ে মানবিক সহায়তা করে চরম বিপাকে পড়েছেন মোহাম্মদ জুনায়েদ নামের এক যুবক। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শুধু পানি বিতরণের ‘অপরাধে’ তাঁর পরিবারকে তীব্র পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতৃত্বে টানা ৩৬ দিন আন্দোলন চালান শিক্ষার্থীরা। সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সেই আন্দোলন স্থগিত হয়। তবে প্রতিবাদ কর্মসূচিতে জুনায়েদের পানি বিতরণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি পুলিশের নজরে আসেন।

জুনায়েদ জানান, উত্তরপ্রদেশ পুলিশ তাঁর গ্রামের বাড়িতে হানা দিয়ে তাঁর বাবা ও ছোট ভাইকে তুলে নিয়ে গেছে। শুধু তা-ই নয়, মিরাটে তাঁর বোনের শ্বশুরবাড়িতেও অভিযান চালিয়ে শ্বশুর ও দেবরকে আটক করেছে পুলিশ। এই অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জুনায়েদ প্রশ্ন তুলেছেন, “আন্দোলনকারীদের খাবার ও পানি দেওয়া কি কোনো অপরাধের পর্যায়ে পড়ে?”

এদিকে জুনায়েদের পরিবারের ওপর এই পুলিশি নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটি মানবিক এই স্বেচ্ছাসেবীর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বার্তায় সিজেপি জানায়, আসল অপরাধীদের না ধরে উত্তরপ্রদেশ পুলিশ নির্দোষ জুনায়েদের পরিবারকে অহেতুক হয়রানি করছে। যেকোনো পরিস্থিতিতে জুনায়েদ ও তাঁর পরিবারকে আইনি ও রাজনৈতিকভাবে সুরক্ষা দেওয়া হবে বলেও তারা ঘোষণা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *