রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। নিরাপত্তাজনিত এই সতর্কতা কয়েক মিনিট স্থায়ী হলেও বেলুনগুলো অপসারণের পর চলাচল আবার স্বাভাবিক হয়।
রোববার সকালে এমআরটি লাইন-৬-এর দায়িত্বশীল একটি সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে অপসারণ প্রক্রিয়া শুরু হয় এবং প্রায় ১০ মিনিটের মধ্যেই বেলুনগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।
ঢাকার মেট্রোরেলের ওভারহেড তারে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ও কাপড় আটকে যাওয়ার ঘটনা নতুন নয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম ঘুড়ি আটকে যাওয়ার ঘটনা আলোচনায় আসে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজীপাড়া এলাকায় ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। একই বছর বর্ষবরণের পর ফানুস ও প্লাস্টিকজাতীয় বস্তু তারে আটকে পড়ায় সেগুলো অপসারণ করতে হয়। আশপাশের ভবনের ছাদ থেকে উড়ে আসা কাপড়ও একাধিকবার ওভারহেড তারে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে।

