দেশের উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ এবং গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি তারই অংশ। রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও অর্থপাচার বন্ধ করা গেলে এসব কর্মসূচি পরিচালনায় অর্থের কোনো সংকট হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, জনগণের অর্থ দেশের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। অতীতে যে অর্থ বিদেশে পাচার হয়েছে, তা পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। দেশের স্থিতিশীলতা বজায় থাকলে সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ৫০ জন নারী চা শ্রমিককে গৃহনির্মাণের জন্য অনুদানের চেক, ১৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এ সময় মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

