ঢাকার ধামরাইয়ে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের কাজ চার দশকেও সম্পন্ন হয়নি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিশাল এই প্রকল্পটি বর্তমানে বন-জঙ্গলে ঘেরা এক অব্যবহৃত স্থাপনায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত উদ্যোগ না নেওয়ায় গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি জনগণের কোনো কাজে আসছে না।
সরেজমিনে দেখা যায়, ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তবর্তী প্রায় ১৬ একর জমির ওপর নির্মিত হাসপাতাল কমপ্লেক্সে রয়েছে আবাসিক হোস্টেল, মসজিদ ও অন্যান্য অবকাঠামো। তবে নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকাটি এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সূত্র জানায়, ১৯৮৫ সালে ক্যান্সার হাসপাতাল হিসেবে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। উদ্যোক্তা শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল তার বাবার ইচ্ছা পূরণে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। দীর্ঘ সময় কাজ চললেও অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংকটে প্রকল্পটি থেমে যায়।
প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান ইকবাল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার বা কোনো ব্যক্তি উদ্যোগ নিলে হাসপাতালটি চালুর বিষয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত। স্থানীয়দের মতে, হাসপাতালটি চালু হলে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মানুষ স্বাস্থ্যসেবার বড় সুবিধা পাবে।
ধামরাই উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকল্পটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং হাসপাতালটি জনগণের সেবায় চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

