আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের সহায়তায় সরকার ধান-চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে এনেছে। পূর্বনির্ধারিত ১৫ মের পরিবর্তে আগামীকাল রোববার (৩ মে) থেকেই হাওর অঞ্চলে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই ছয় জেলার কৃষকদের উৎপাদিত বোরো ধান ও চাল সংরক্ষণ ও ন্যায্যমূল্যে বিক্রয়ে সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। পাশাপাশি ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। এ সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

