স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী মাদ্রিদ। স্থানীয় সময় শনিবার হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়, এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজিত একদল বিক্ষোভকারী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেস ঘিরে থাকা নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বাধা দিলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারীকে আটক করছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই গণবিক্ষোভের আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। এতে প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী ভক্স দলের শীর্ষ নেতারাও অংশ নেন। আন্দোলনকারীরা জাতীয় পতাকা ও সরকারবিরোধী নানা স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শন করেন।
সমাবেশে কত মানুষের উপস্থিতি ছিল তা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। আয়োজকদের দাবি, প্রায় ৮০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। অন্যদিকে মাদ্রিদে নিযুক্ত সরকারি প্রতিনিধির হিসেবে সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার।

