প্রধান খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট শুরু, বর্জনের ঘোষণা আ. লীগপন্থী আইনজীবীদের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) শুরু হওয়া এ নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল, জামায়াত সমর্থিত সবুজ প্যানেল, এনসিপির লাল-সবুজ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন। সভাপতি পদে নীল প্যানেল থেকে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সবুজ প্যানেল থেকে আব্দুল বাতেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. মো. ইউনুস আলী আকন্দ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী, সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার এবং এনসিপির এসএম আজমল হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এ পদে লড়ছেন। নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্ট অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অন্যদিকে, নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম, দলীয় প্রভাব এবং সাধারণ আইনজীবীদের অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, অনেক প্রার্থীর মনোনয়ন সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাতিল করা হয়েছে এবং নির্বাচনকে নিরপেক্ষ রাখার পরিবেশ নিশ্চিত করা হয়নি।

তাদের দাবি, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন দলীয় প্যানেলমুক্ত হওয়ার কথা থাকলেও বাস্তবে রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান। এমনকি প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিও নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে অভিযোগ করেন তারা।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন সাবেক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন উপ-কমিটি। নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *