প্রধান খবর

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মৃত্যুকালে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতি ও অবদান রেখে গেছেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

রাজনৈতিক জীবনের পাশাপাশি মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৯৭১ সালে চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

তার ছেলে সাবেদুর রহমান সুমু জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায়ও একটি জানাজার আয়োজন করা হবে, তবে সময় ও স্থান এখনো নির্ধারণ হয়নি।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছাত্রজীবনে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন এবং ছয় দফা আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *