প্রধান খবর

সড়কে মৃত্যুর মিছিল: প্রতি হাজার কিলোমিটারে ঝরছে ৬৭ প্রাণ

বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এশিয়ান ট্রান্সপোর্ট অবজারভেটরির সাম্প্রতিক প্রতিবেদনে। তথ্যমতে, দেশে প্রতি বছর সড়কপথে প্রতি এক হাজার কিলোমিটারে গড়ে ৬৭ জন মানুষ প্রাণ হারাচ্ছেন। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত এক মতবিনিময় সভায় এসব উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়।

সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে জানানো হয়, বাংলাদেশে প্রায় ৮২ শতাংশ সড়ক দুর্ঘটনার মূল কারণ যানবাহনের অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ৩১ হাজার ৫৭৮ জন মানুষ প্রাণ হারান। এর মধ্যে ৫০ শতাংশের বেশি ভুক্তভোগী হলেন পথচারী, সাইকেল আরোহী এবং মোটরসাইকেল চালক, যারা উচ্চগতির কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকেন।

বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনার চিত্রও বেশ উদ্বেগজনক। প্রতি বছর বিশ্বে প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ রোডক্র্যাশে মারা যান, যার ৯২ শতাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। বিশেষ করে ৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মৃত্যুর প্রধান কারণ এখন সড়ক দুর্ঘটনা। সভায় বক্তারা জানান, মৃতদের দুই-তৃতীয়াংশই ১৮ থেকে ৫৯ বছর বয়সী কর্মক্ষম ব্যক্তি, যা একটি দেশের অর্থনীতির জন্য বড় আঘাত।

সড়ক নিরাপত্তা নিশ্চিতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে গতিরোধক গাইডলাইন প্রণয়ন, আইন প্রয়োগকারী সংস্থার কঠোর তদারকি এবং যানবাহনে বাধ্যতামূলক ‘স্পিড গভর্নর সিল’ স্থাপন। বিশেষজ্ঞরা একটি স্বতন্ত্র ও কার্যকর ‘সড়ক নিরাপত্তা আইন’ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের ওপর বিশেষ জোর দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *