নেত্রকোনার মদনে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। পরে তাকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভুক্তভোগী শিশুটি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। অভিযোগে বলা হয়, শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখা হয়। পরে শারীরিক অসুস্থতার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

