রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এই অভিযোগপত্র জমা দেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টসহ প্রয়োজনীয় ফরেনসিক আলামত সংগ্রহ শেষে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার পর অভিযুক্তরা আলামত নষ্টেরও চেষ্টা চালায়।
এর আগে পল্লবীর একটি বাসা থেকে ৮ বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করা হলে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার বিচার কার্যক্রম দ্রুত শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট অন্যান্য মামলাও নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

