রাজশাহীর সঙ্গে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিক সংগঠনের কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে পরিবহন শ্রমিকরা হঠাৎ করেই দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দেন।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, তাদের মতামত ছাড়াই কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।

শ্রমিকদের দাবি, বর্তমান কমিটি বিলুপ্ত করে একটি আহ্বায়ক বা এডহক কমিটি গঠন করতে হবে। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণেরও দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আশ্বাস পেলে পুনরায় বাস চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান শ্রমিকরা।

এদিকে আকস্মিক পরিবহন বন্ধে রাজশাহী বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে বিভিন্ন জেলায় যাতায়াত করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসস্ট্যান্ড এলাকায় নজরদারি চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *