যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো সীমান্তে একটি মালবাহী ট্রেনের বগি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ মে, ২০২৬) বিকেলে একটি রেল ইয়ার্ডে নিয়মিত তদারকির সময় এই ভয়াবহ দৃশ্য নজরে আসে। ধারণা করা হচ্ছে, তীব্র তাপপ্রবাহ এবং বাতাস চলাচলের পথ না থাকায় বগির ভেতরেই তারা প্রাণ হারান।
লারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা হোসে এসপিনোজা জানিয়েছেন, সান আন্তোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে অবস্থিত লারেডোর একটি রেল ইয়ার্ডে ‘ইউনিয়ন প্যাসিফিক’ ট্রেনের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বিকেল ৩টার দিকে রেল ইয়ার্ডের এক কর্মচারী নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে একটি মালবাহী বগির দরজা খুললে সেখানে ছয়টি নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ও জরুরি বিভাগকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। বগির ভেতরে কোনো জীবিত ব্যক্তিকে পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, রোববার লারেডো এলাকায় তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) উপরে ছিল। একটি বন্ধ লোহার মালবাহী বগির ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় অনেক বেশি থাকে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বাতাস চলাচলের সুযোগহীন ওই বদ্ধ পরিবেশে তীব্র গরমের কারণে ‘হিটস্ট্রোক’ বা শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও সময় নিশ্চিত হতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
রেল কোম্পানি ইউনিয়ন প্যাসিফিকের মুখপাত্র ড্যারিল বিয়োরাস এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় ইউনিয়ন প্যাসিফিক পরিবার মর্মাহত। আমরা ঘটনার রহস্য উদঘাটনে এবং নিহতের পরিচয় নিশ্চিতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।”
মার্কিন-মেক্সিকো সীমান্ত সংলগ্ন লারেডো এলাকায় এ ধরণের ট্র্যাজেডি নতুন নয়। প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে ট্রেনের বগি বা ট্রাকের কনটেইনার ব্যবহার করেন। পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে বদ্ধ বগিতে দীর্ঘ সময় আটকে থাকার ফলে প্রায়ই এমন প্রাণহানির ঘটনা ঘটে।

