প্রধান খবর

ভারতের নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ৩০ মে বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হলে নতুন দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

বর্তমানে এন এস রাজা সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপ-সেনাপ্রধান এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ পদেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও কৌশলগত পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৮৫ সালে দ্য গারওয়াল রাইফেলসে কমিশনপ্রাপ্ত হওয়ার মাধ্যমে তার সামরিক জীবনের সূচনা হয়। চার দশকের বেশি সময়ের কর্মজীবনে ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন তিনি। একই সঙ্গে প্রশিক্ষক, স্টাফ কর্মকর্তা ও কমান্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।

শিক্ষাজীবনে এন এস রাজা সুব্রামানি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে বিশেষ অবদানের জন্য তিনি একাধিক সামরিক পদকে ভূষিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *