যুক্তরাষ্ট্র ভারতীয় নাগরিকদের জন্য আরও আধুনিক ও কার্যকর ভিসা প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ‘আমেরিকা ফার্স্ট’ নামে নতুন একটি ভিসা শিডিউলিং টুল চালু করা হবে, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও কৌশলগত সফরে অগ্রাধিকার দেওয়া হবে।
ভারতে সফরকালে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। বর্তমানে ভারতীয় কোম্পানিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নতুন এই ব্যবস্থায় এমন আবেদনকারীরা দ্রুত ভিসা সাক্ষাৎকারের সময় পাবেন, যারা ব্যবসায়িক চুক্তি, বিনিয়োগ, সমঝোতা স্মারক স্বাক্ষর কিংবা বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবেন। এর ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে বলে মনে করছে ওয়াশিংটন।
মার্কো রুবিও বলেন, ধীরগতির কনস্যুলার প্রক্রিয়া ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সফরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই আরও দক্ষ, দ্রুত ও নিরাপদ ভিসা ব্যবস্থাপনা গড়ে তুলতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নতুন এই টুল শুধু আবেদনকারীদের সুবিধাই বাড়াবে না, বরং যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোর কার্যক্রমও আরও কার্যকর করবে। একই সঙ্গে এতে সময় ও ব্যয় সাশ্রয় হবে বলেও দাবি করেন তিনি।

