বীরশ্রেষ্ঠের জাদুঘরে নেই স্মৃতিচিহ্ন

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর-এর স্মৃতি সংরক্ষণে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর’ এখন কার্যত নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জাদুঘরে নেই বীরশ্রেষ্ঠের ব্যবহৃত কোনো গুরুত্বপূর্ণ সামগ্রী বা মুক্তিযুদ্ধের স্মারক।

সরেজমিনে দেখা গেছে, জাদুঘরের ভবন থাকলেও ভেতরে দর্শনার্থীদের জন্য উল্লেখযোগ্য কোনো প্রদর্শনী নেই। কিছু বই ও সাধারণ তথ্যচিত্র ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক তেমন কোনো সংগ্রহ সংরক্ষণ করা হয়নি। ফলে ইতিহাস জানতে আগ্রহী দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, প্রয়োজনীয় সংরক্ষণ, আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের অভাবে জাদুঘরটি তার মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে ভাঙাচোরা সড়ক ব্যবস্থার কারণেও দর্শনার্থীর সংখ্যা কমে গেছে। তারা দ্রুত জাদুঘরের উন্নয়ন ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী সংযোজনের দাবি জানিয়েছেন।

জাদুঘরের কেয়ারটেকার জানান, বর্তমানে সেখানে বীরশ্রেষ্ঠের ব্যবহৃত একটি চায়ের কাপ ও একটি ব্যাগ ছাড়া উল্লেখযোগ্য কোনো স্মৃতিচিহ্ন নেই। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে নতুন কোনো নিদর্শন সংগ্রহ করা গেলে তা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *