বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিরানা মাহরুখ। মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
নিয়োগের আগে মিরানা মাহরুখ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী।
মিরানা মাহরুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

