যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক দাপ্তরিক বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মূলত যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার প্রবণতা কমাতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট।
‘পাবলিক চার্জ’ রিভিউ মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথিপত্র অনুযায়ী, এই ৭৫টি দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধা বা ‘পাবলিক বেনিফিট’ গ্রহণের হার তুলনামূলক বেশি। অভিবাসন আইনের ‘পাবলিক চার্জ’ (Public Charge) ধারা অনুযায়ী, যারা ভবিষ্যতে মার্কিন সরকারের ওপর আর্থিক বোঝা হয়ে উঠতে পারেন, তাদের প্রবেশাধিকার সীমিত করার বিধান রয়েছে।
বর্তমান সিদ্ধান্তের ফলে আবেদনকারীদের আর্থিক সক্ষমতা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করা হবে। এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য নতুন কোনো ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হবে না। তবে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীরা চাইলে আবেদন জমা দিতে এবং সাক্ষাৎকারে (ইন্টারভিউ) অংশ নিতে পারবেন, কিন্তু চূড়ান্ত ভিসা প্রদানের প্রক্রিয়াটি স্থগিত থাকবে।
বাংলাদেশি নাগরিকদের জন্য উদ্বেগের বিষয় হলেও স্বস্তির খবর এই যে, এই স্থগিতাদেশ কেবল ‘অভিবাসী’ বা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ভ্রমণকারী (ট্যুরিস্ট), ব্যবসায়ী (বিজনেসবিল্ড) এবং শিক্ষার্থী (স্টুডেন্ট) ভিসাসহ সকল প্রকার ‘অনভিবাসী’ (নন-ইমিগ্র্যান্ট) ভিসা কার্যক্রম আগের মতোই স্বাভাবিক থাকবে। এছাড়া যারা ইতিমধ্যেই অভিবাসী ভিসা হাতে পেয়েছেন, তাদের ওপর এই নির্দেশের কোনো প্রভাব পড়বে না।
অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত বৈধ অভিবাসন প্রক্রিয়াকে আরও জটিল ও সময়সাপেক্ষ করে তুলবে। বিশেষ করে যারা পারিবারিক স্পন্সরশিপ বা কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ডের অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে অনভিবাসী ভিসা সচল থাকায় সাধারণ পর্যটক ও শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
স্থগিতাদেশের তালিকায় থাকা উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে : আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

