যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ অবশেষে দেশের পথে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোরিডার ওরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ পাঠানো হয়েছে। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই হয়ে মরদেহটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। পুরো প্রক্রিয়াটি তদারকি করেছেন মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উচ্চপদস্থ কর্মকর্তারা।
গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর থেকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ কনস্যুলেট জেনারেল আইনি কার্যক্রম শুরু করে। দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠাতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার টাম্পার একটি মসজিদে লিমনের জানাজা সম্পন্ন হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি এবং তার সহপাঠীরা অংশ নেন।
এদিকে লিমনের সঙ্গে নিখোঁজ থাকা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও শনাক্ত করা হয়েছে। গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস বৃষ্টির পরিচয় নিশ্চিত করার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও প্রবাসী সমাজে। বৃষ্টির মরদেহ লিমনের মতোই দ্রুততম সময়ে দেশে পাঠাতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানিয়েছেন, বৃষ্টির মরদেহটি নির্দিষ্ট ফিউনারেল হোমে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে এবং সব ধরণের আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব তা বাংলাদেশে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া এই দুই শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে দেশে-বিদেশে থাকা বাংলাদেশিদের মাঝে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

