নারায়ণগঞ্জ-এর ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তি পলাশ হোসেন আকাশ (৩২) ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার বাসিন্দা। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে তিনি থানা থেকে লুট হওয়া অস্ত্র গোপন স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পরে র্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পলাশের কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-১১-এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

