প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে একক যাত্রা টিকিটে (এসজেটি) ২৫ শতাংশ বিশেষ ছাড় চালু করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সোমবার, ২৫ মে থেকে এই সুবিধা কার্যকর হবে। রোববার ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এসজেটি টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন। একইভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও একই হারে ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।
এই বিশেষ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ সুবিধার উদ্বোধন অনুষ্ঠিত হবে।
সব তথ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা হয়েছে।

