প্রধান খবর

জনপ্রশাসনে পদায়নের ভিত্তি হবে সততা ও মেধা: প্রধানমন্ত্রী

জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা এবং দক্ষতাকে প্রধান নীতি হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় তিনি দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।

ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় এবং প্রতিটি দায়িত্বকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশে বর্তমানে দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এবং অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে এসব সমস্যার স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের নির্দেশ দেন যেন সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা হয় এবং এ বিষয়ে যথাযথ নজরদারি বাড়ানো হয়। এদিন সকাল সোয়া ১০টার দিকে সচিবালয় থেকে পায়ে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পথে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য, শিক্ষা এবং আইন মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অধিবেশন শেষে জেলা প্রশাসকরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামী চার দিনে পর্যায়ক্রমে অর্থ, স্বরাষ্ট্র, জনপ্রশাসন এবং সশস্ত্র বাহিনী বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলনের শেষ দিনে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সাথে বিশেষ সভায় মিলিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *