দেশের পুলিশিং কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’-তে এ বিষয়ে আলোচনা হয়।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। সভায় জানানো হয়, কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী সদস্যদের বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা দেওয়া হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও অতিরিক্ত কর্মচাপ বিবেচনায় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন ও উন্নত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া পুলিশের আবাসন সংকট, ভবন নির্মাণ ও কর্মপরিবেশ উন্নয়নেও সরকারের অগ্রাধিকার রয়েছে বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় অনারারি পদোন্নতির ঘোষণাও দেওয়া হয়।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া পুলিশ সপ্তাহ আগামী ১৩ মে পর্যন্ত চলবে। বিভিন্ন কর্ম অধিবেশনের মাধ্যমে পুলিশের কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে।

