পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী একটি চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং আরও প্রায় ৭০ জন আহত হয়েছেন। রোববার কোয়েটার চামান ফাটক স্টেশনের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং অন্তত দুটি বগি উল্টে যায়। ঈদের ছুটিতে বাড়ি ফেরা সেনাসদস্য ও তাদের স্বজনরা ট্রেনটিতে অবস্থান করছিলেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি দাবি করেছে, আত্মঘাতী হামলার মাধ্যমে ট্রেনে থাকা সেনাসদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করেনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশপাশের ঘরবাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা সফল হবে না। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

