প্রধান খবর

পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ১৬৬১১৩ নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের আগে ও পরে সাতদিন পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে এবং দেশের সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন করা হবে।

মন্ত্রী আরও বলেন, নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে কোরবানানির কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে বলেও জানান তিনি।

এছাড়া কোরবানানির পশুর চামড়া সংরক্ষণে সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। একইসঙ্গে ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে বিজিএমইএ ও বিকিএমইএ সম্মতি দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *