স্পেনের রাজধানী মাদ্রিদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ধারাবাহিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শনিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘সোসিয়েদাদ সিভিল এসপানিওলা’ নামের নাগরিক সংগঠনগুলোর একটি জোট এই বিক্ষোভের ডাক দেয়। কর্মসূচিতে দেশটির প্রধান বিরোধী দল পপুলার পার্টি (পিপি) এবং ডানপন্থি দল ভক্স সমর্থন জানায়। বিক্ষোভকারীরা স্পেনের জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
আয়োজকদের দাবি, প্রায় এক লাখ ২০ হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। যদিও সরকারি হিসাব অনুযায়ী, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার। মিছিলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নিকটবর্তী প্লাজা মনক্লোয়ায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে কয়েকজন আন্দোলনকারী প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তবে সামগ্রিকভাবে কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ভাই ডেভিড সানচেজ ও স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে পৃথক দুর্নীতির অভিযোগে তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। যদিও প্রধানমন্ত্রী এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

