প্রধান খবর

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার আবারও আলোচনায়, তবে এবার নেতিবাচক কারণে। অনুশীলনের সময় সতীর্থকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যা ইতোমধ্যেই ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

অভিযোগ অনুযায়ী, সান্তোস ক্লাবের অনুশীলনে সতীর্থ রবিনিও জুনিয়র ড্রিবলের মাধ্যমে নেইমারকে পরাস্ত করলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে উত্তেজিত অবস্থায় সতীর্থকে শারীরিকভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি আমলে নিয়ে সান্তোস কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, অনুশীলন মাঠে ঘটে যাওয়া ঘটনাটি বিশ্লেষণে আইন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ক্লাব সভাপতির নির্দেশেই এই তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অন্যদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, বিষয়টি আইনি পর্যায়েও গড়িয়েছে। রবিনিও জুনিয়রের আইনজীবীরা অভিযোগ করে জানিয়েছেন, নেইমার তাকে গালমন্দ করেছেন, ফেলে দিয়েছেন এবং মুখে আঘাত করেছেন। তারা অনুশীলনের ভিডিও প্রকাশ এবং ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বচ্ছতা দাবি করেছেন।

এ ঘটনায় নেইমারের ভবিষ্যৎ ও শৃঙ্খলাজনিত অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে তার বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *