তৃণমূল পর্যায় থেকে আগামীর তারকা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনায় আহত ক্ষুদে অ্যাথলেট সোহাদার পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীকে দেখতে যান তিনি। এ সময় প্রতিমন্ত্রী সোহাদার উন্নত চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার ব্যক্তিগতভাবে ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহনের ঘোষণা দেন।
গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গত সোমবার শহীদ বরকত স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাঠের লড়াই শেষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে দ্রুত ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়েই সাবেক জাতীয় ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন।
হাসপাতালের শয্যাপাশে সোহাদাকে সান্ত্বনা দিয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘তুমি মাঠের লড়াকু সৈনিক, এই প্রতিকূলতাও তোমাকে জয় করতে হবে। আমরা সবাই তোমার পাশে আছি।’ ক্রীড়াবিদ হিসেবে ইনজুরির ভয়াবহতা অনুধাবন করতে পারেন বলেই প্রতিমন্ত্রী সোহাদার পরিবারকে দুশ্চিন্তামুক্ত থাকার আশ্বাস দেন। উন্নত চিকিৎসায় যেন কোনো প্রকার গাফিলতি না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনাও প্রদান করেছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস প্রজেক্টটি দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার সন্ধানে কাজ করছে। মাঠ পর্যায় থেকে উঠে আসা এসব ক্ষুদে অ্যাথলেটদের নিরাপত্তা ও চিকিৎসায় সরকারের এমন দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগ তৃণমূলের উদীয়মান খেলোয়াড়দের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

