বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর বিষয়ে আয়োজিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালায় অংশ নিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।
মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা কাঠামো গড়ে তোলার বিষয়ে কর্মশালায় গুরুত্বারোপ করা হবে বলে জানা গেছে।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় সফরকে স্বাগত জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। শপথ গ্রহণের ৮৫তম দিন উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

