ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন মেয়র নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী এবং আন্দোলনকর্মী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৬ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টার শেয়ার করে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন।
নীলা ইসরাফিল ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আলোচনায় আসেন। আন্দোলনের পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’তে (এনসিপি) যোগ দেন এবং দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। তবে সম্প্রতি এনসিপির আরেক শীর্ষ নেতা সারোয়ার তুষারের সঙ্গে মতাদর্শিক ও সাংগঠনিক দ্বন্দ্বের জেরে তিনি দল থেকে পদত্যাগ করেন।
ডিএসসিসি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বেশ তোড়জোড় চলছে। দীর্ঘদিন ধরেই ঢাকার দক্ষিণ অংশটি বিভিন্ন নাগরিক সমস্যায় জর্জরিত। এমন পরিস্থিতিতে নীলা ইসরাফিলের মতো একজন তরুণ আন্দোলনকর্মীর মেয়র প্রার্থী হওয়া, নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাকি কোনো জোটের ব্যানারে নির্বাচন করবেন, তা এখনও স্পষ্ট করেননি।

