জুলাই অভ্যুত্থান ঘিরে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ রেহানার মধ্যকার একটি ফোনালাপ। সোমবার অনুষ্ঠিত সাক্ষ্যগ্রহণে কথোপকথনটি আদালতে শোনানো হয়।
মামলায় নবম সাক্ষী হিসেবে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপপরিদর্শক আতিকুর রহমান জবানবন্দি দেন। ট্রাইব্যুনালে উপস্থাপিত প্রায় দুই মিনিটের ফোনালাপে শেখ রেহানাকে সালমান এফ রহমানকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিতে শোনা যায়। একই সঙ্গে পরিস্থিতিকে ‘নিরাপদ নয়’ বলেও উল্লেখ করেন তিনি।
ফোনালাপে সালমান এফ রহমানকে আনিসুল হককে সঙ্গে নেওয়ার প্রসঙ্গ তুলতে শোনা যায়। এ সময় শেখ রেহানা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন এবং বিলম্ব না করার আহ্বান জানান। কথোপকথনের একপর্যায়ে দেশের পরিস্থিতি, নিরাপত্তা সংকট ও সম্ভাব্য ঝুঁকির বিষয়েও আলোচনা উঠে আসে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই এই ফোনালাপ হয়েছিল বলে ট্রাইব্যুনালে জানানো হয়। এ মামলায় কারফিউ জারি, গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম চলমান রয়েছে।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে একাধিক আইনজীবী অংশ নেন। তবে সাক্ষীর জেরা সম্পন্ন না হওয়ায় পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

