২০১৭ সালের পর প্রথমবারের মতো কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করার শঙ্কায় ছিল ম্যানচেস্টার সিটি। মাত্র এক বছর আগেও চাপে থাকা পেপ গার্দিওলার দল এখন পুরোপুরি বদলে গেছে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তারা আবারও ঘরোয়া প্রতিযোগিতায় ট্রেবল জয়ের হাতছানি দেখছে। ইংলিশ ফুটবলের ইতিহাসে মাত্র একবারই কোনো দল একই মৌসুমে তিনটি ঘরোয়া শিরোপা জিতেছে ২০১৯ সালে। গার্দিওলার সিটি যদি আবারও সেই কীর্তি গড়ে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
গত ১২ মাসে গার্দিওলা ইতিহাদের দলটিকে নতুনভাবে গড়ে তুলেছেন এবং মানসিকভাবে উজ্জীবিত করেছেন। চলতি মৌসুমে সিটি ইতোমধ্যে কারাবাও কাপ জিতেছে। প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়েও তারা শক্ত অবস্থানে আছে। পাশাপাশি টানা চতুর্থবারের মতো খেলবে এফএ কাপের ফাইনাল, যেখানে ১৬ মে তাদের প্রতিপক্ষ হতে পারে চেলসি অথবা লিডস।
এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পায় সিটি। ৭৯ মিনিটে গোল হজমের পর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে জেরেমি ডোকু ও নিকো গঞ্জালেসের দুই গোল দলকে ফাইনালে তুলে দেয়। এই জয়ের পর ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে গার্দিওলা সতর্ক সুরে বলেন, “এখনও অনেক দূরের বিষয়। শেষ লিগ ম্যাচের আগে আমরা কিছু বলতে পারব না। এই মুহূর্তে এটা অনেক, অনেক দূরে।”

