ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি আবারও বিশ্ব ক্রিকেটে নতুন কীর্তি গড়েছেন। চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ৫০ বা তার বেশি রানের জুটিতে অংশ নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন তিনি।
ম্যাচে ব্যক্তিগতভাবে বড় ইনিংস খেলতে না পারলেও ওপেনিংয়ে ভেনকাটেশ আইয়ারের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে অনন্য এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। ১১ বলে ১৫ রান করে আউট হলেও তার নতুন রেকর্ড আলোচনায় এসেছে ক্রিকেট বিশ্বে।
এই জুটির মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপের সংখ্যা দাঁড়িয়েছে ২১১টি। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের ব্যাটার অ্যালেক্স হেলসকে, যার এমন জুটির সংখ্যা ছিল ২১০টি। তালিকায় আরও রয়েছেন ডেভিড ওয়ার্নার, বাবর আজম ও ক্রিস গেইল।
তবে রেকর্ড গড়ার ম্যাচে জয় পায়নি কোহলির দল। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ৪ উইকেট হারিয়ে ২৫৫ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে বেঙ্গালুরুর ইনিংস থেমে যায় ২০০ রানে।

