লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারী অবশেষে জামিনে কারামুক্ত হয়েছেন। প্রায় এক বছর আট মাস কারাবন্দি থাকার পর রোববার বিকেলে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।
আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও এর আগে তিন দফা জেলগেট থেকেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ রামগঞ্জ থানা পোড়ানোর মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর তার মুক্তির পথ উন্মুক্ত হয়।
সৈয়দ আহম্মদ পাটওয়ারী লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনে পাঁচ শিক্ষার্থী হত্যাসহ পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারামুক্তির পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে তার সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

