প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম। বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের প্রয়োজনে অতীতের মতো বর্তমানেও মুক্তিযোদ্ধারা সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি নতুন প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে নাগরিকদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ঢাকা শহরকে বিশ্বের অন্যতম সুন্দর ও সবুজ নগরীতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিচ্ছন্নতা অভিযান নগর ভবন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়াম এলাকা অতিক্রম করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

