প্রধান খবর

কৃষকবিহীন কৃষি কর্মসূচি নিয়ে সমালোচনা

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৃত কৃষকদের অনুপস্থিতি নিয়ে স্থানীয় মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। কৃষকদের স্বার্থে আয়োজিত এ কর্মসূচিতে খাদ্যগুদামের শ্রমিক ও রাজনৈতিক নেতা-কর্মীদের উপস্থিতি বেশি চোখে পড়লেও কৃষকদের অংশগ্রহণ ছিল না বললেই চলে।

শনিবার সদর উপজেলা খাদ্যগুদামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তবে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কৃষককেন্দ্রিক এই উদ্যোগে প্রকৃত কৃষকদের অনুপস্থিতি আয়োজনের উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করেছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুঁইয়া জানান, অনুষ্ঠান শুরুর আগে কয়েকজন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়েছে। তবে অনুষ্ঠানে তাদের উপস্থিতি ছিল কি না, তা তিনি নিশ্চিত নন। অন্যদিকে সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানও বিষয়টি স্বীকার করে বলেন, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল।

অনুষ্ঠানে বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধান অতিথি ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, কৃষকরা যাতে সহজে সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শেরপুর জেলায় ৩৬ টাকা কেজি দরে ১১ হাজার ২২৯ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২৫ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *