থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার ব্যাংককের ক্লং প্রেম কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় দণ্ডিত থাকসিন ২০২৩ সালে দেশে ফিরে সাজা ভোগ শুরু করেন। পরে রাজকীয় ক্ষমায় তার আট বছরের সাজা কমিয়ে এক বছর করা হয়। দীর্ঘ সময় হাসপাতালে অবস্থানের পর আদালতের নির্দেশে পুনরায় কারাভোগ শেষে তিনি মুক্তি পেলেন।
কারামুক্তির সময় কারাগারের বাইরে সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পরিবার-পরিজন ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় আবেগঘন প্রতিক্রিয়ায় থাকসিন বলেন, দীর্ঘ সময় পর তিনি স্বস্তি অনুভব করছেন।
২০০৬ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘদিন নির্বাসনে ছিলেন থাকসিন। তার মুক্তিকে ঘিরে থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

