দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আইন, বিধি ও প্রশাসনিক প্রস্তুতি সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন বর্তমানে কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন, বাজেট বরাদ্দ, প্রশাসনিক প্রস্তুতি এবং মৌসুমি বাস্তবতা বিবেচনায় নেওয়া হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচন পর্যায়ক্রমে আয়োজন করা হবে। তবে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নির্বাচন কমিশন মনে করছে, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে কিছু আইনি সংস্কার প্রয়োজন। এসব সংশোধনী কার্যক্রম সম্পন্ন করতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে কমিশন।
এছাড়া নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হবে এবং জনগণের আস্থা বজায় রাখতে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

